জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান এবং শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

এর আগে বিকেল ৫টার দিকে তিনি সাভারের উদ্দেশ্যে রওনা হন। স্মৃতিসৌধে যাওয়ার পথে বিকেল ৪টা ৪২ মিনিটে শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন। তারেক রহমানের এই কর্মসূচিকে কেন্দ্র করে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ব্যাপকসংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শুক্রবার বিকেল থেকেই স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে শুরু করে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত এলাকা জনারণ্যে পরিণত হয়। হাতে ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে লাখো নেতাকর্মী সেখানে জড়ো হন। এ সময় ‘তারেক রহমান বীরের বেশে, ফিরলেন এবার বাংলাদেশে’—এমন নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। সেদিন বিমানবন্দর থেকে শুরু করে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় অগণিত মানুষের ঢল নামে, যা এক ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত হয়। ওই দিন বিকেলে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনায় তিনি একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আজকের কর্মসূচিতে তারেক রহমানের সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের এই বিশাল ভিড় সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের ব্যাপক হিমশিম খেতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *