ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরের পর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়টি অবরোধ করে অবস্থান নিয়েছে সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খুনিদের গ্রেফতার না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং প্রয়োজনে রাতভর অবস্থান করবেন।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছে অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সন্ধ্যার দিকে অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, “খুনিদের গ্রেফতার করতে আমরা ২৫ ডিসেম্বর পর্যন্ত সরকারকে সময় দিয়েছিলাম। সরকার সেই আল্টিমেটাম পালনে ব্যর্থ হয়েছে।”
জাবের আরও অভিযোগ করেন, সরকার ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, খুনিদের গ্রেফতার না করা পর্যন্ত সরকার পদত্যাগ করলেও কোনো সমাধান হবে না। যতক্ষণ পর্যন্ত সরকারের উপদেষ্টারা সরাসরি শাহবাগে এসে জনগণের সামনে জবাব না দেবেন, ততক্ষণ এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এদিকে শাহবাগ মোড় অবরোধের কারণে রাজধানীর মৎস্য ভবন, বাংলামোটর ও সায়েন্স ল্যাব অভিমুখী রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষ ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শাহবাগ ও এর আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
শহীদ ওসমান হাদির রক্তের বদলা নেওয়ার অঙ্গীকার করে আন্দোলনকারীরা শাহবাগে খণ্ড খণ্ড মিছিল ও স্লোগান দিয়ে যাচ্ছেন। এই কর্মসূচি কতক্ষণ স্থায়ী হবে তা এখন নির্ভর করছে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের ওপর।



