মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য, তবে সার্বভৌমত্বে ঐক্য অটুট থাকবে: তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারেক রহমান গণতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, মতপার্থক্য বা ‘Difference of Opinion’ হলো গণতন্ত্রের সৌন্দর্য। তিনি উল্লেখ করেন যে, রাজনৈতিকভাবে ভিন্ন ভিন্ন মত থাকা স্বাভাবিক, তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষায় সবার ঐক্যমত অটুট থাকা জরুরি। এ সময় তিনি দেশের বৃহত্তর স্বার্থে তরুণ প্রজন্মকে একসঙ্গে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

নিজের অভিজ্ঞতার স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, “আমরা তোমাদের বয়সে থাকতে দেশে অনেক বেশি সন্ত্রাস ও রাহাজানি ছিল। দেশ অনেক বেশি অস্থিতিশীল ছিল। নিশ্চয়ই আমি চাইব না, আমার সন্তানরাও এমন একটি বাংলাদেশ ফেইস করুক।”

বৈঠকে ডাকসু প্রতিনিধিরা তারেক রহমান ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। তাঁরা ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের জন্য বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। প্রতিনিধিদল প্রত্যাশা ব্যক্ত করেন যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশবিরোধী সকল চক্রান্ত, দুর্নীতি, সন্ত্রাস ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

ইনসাফ কায়েমের লক্ষ্যে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত সংগ্রাম জারি রাখার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি প্রতিনিধিদলটি শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়।

সাক্ষাৎকালে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *