দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার ইস্যুতে বিভিন্ন দলের সাথে তারেক রহমানের বৈঠক

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দিনভর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতেই সকাল ১১টায় বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকের শুরুতে তারা বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেন। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জোট নেতারা রাজনীতিতে স্বাধীনতাবিরোধী শক্তির অপতৎপরতা রুখতে তারেক রহমানকে কঠোর ভূমিকা পালনের অনুরোধ জানান।

এর আগে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি দলীয় নেতাদের নিয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সাকি সাংবাদিকদের জানান, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি সুষ্ঠু নির্বাচন ও জাতীয় ঐক্যের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিকেলে তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি-জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনাইদ আল হাবিবের সাথে সাক্ষাৎ করেন। এ সময় নির্বাচনি প্রস্তুতি, ভোটাধিকার পুনরুদ্ধার ও দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। তারেক রহমান নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন এবং আল হাবিব শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

এছাড়া পৃথকভাবে এবি পার্টি, লেবার পার্টি এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সাথেও বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতিটি বৈঠকেই দেশের আসন্ন নির্বাচন এবং রাজনৈতিক সংস্কারের প্রয়োজনে জাতীয় ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *