আগামী ৫ বছর কে দেশ চালাবে তা জনগণই সিদ্ধান্ত নেবে: খাদ্য উপদেষ্টা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, প্রজাতন্ত্রের প্রকৃত মালিক জনগণ এবং তাদের হাতেই সকল ক্ষমতা ন্যস্ত। সোমবার সকালে কুমিল্লার টাউন হল মাঠে সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন যে, আগামী ৫ বছর কারা দেশ পরিচালনা করবে সেই সিদ্ধান্ত জনগণই নেবে।

‘ভোটের চাবি আপনার হাতে’ স্লোগান নিয়ে ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভানের কার্যক্রম উদ্বোধনকালে উপদেষ্টা বলেন, ভোটারদের সচেতন করতেই সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে যে নির্বাচনের মাঠে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। কোনো ধরনের নির্বাচনি বিচ্যুতি যেন না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

নির্বাচনি পরিবেশ নিয়ে বিভিন্ন মহলের আশঙ্কার কথা উল্লেখ করে উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, সব আশঙ্কা ভুল প্রমাণিত করে সুন্দর পরিবেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সরকার বদ্ধপরিকর। দীর্ঘ সময় ধরে দেশে অংশগ্রহণমূলক নির্বাচনের অভাব ছিল উল্লেখ করে তিনি বলেন, “বিশেষ করে যাদের বয়স ৩০-৩৫ বছর, তাদের অনেকেই ভোট দিতে পারেননি। এবার সেই বন্ধ্যাত্বের অবসান হবে”।

উপদেষ্টা সাধারণ মানুষকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন, সরকার সক্রিয়ভাবে কাজ করছে যাতে দেশে একটি অবাধ গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত হয়।

অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হাসানসহ জেলা প্রশাসন, পুলিশ এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *