শরীফ ওসমান হাদি হত্যার নির্দেশদাতা যুবলীগ নেতা বাপ্পী: ডিবি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম এই হত্যাকাণ্ডের নেপথ্য কারিগর ও তদন্তের বিস্তারিত তুলে ধরেন।

ডিবি প্রধান জানান, পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর সরাসরি নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তদন্তে উঠে এসেছে যে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় হাদিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করে ইতিমধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। শফিকুল ইসলাম বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে। চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও বাকি ৫ জন এখনো পলাতক রয়েছেন।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে পরিচিত মুখ হয়ে ওঠা হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় তিনি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেলে আসা আততায়ী তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি; গত ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় এর আগে পল্টন থানায় দায়ের করা হত্যাচেষ্টার মামলাটি পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *