আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে মনোনয়নপত্র প্রাথমিক যাচাই-বাছাইয়ের সময় তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছিল। ইসিতে আপিল করার পর শনিবার (১০ জানুয়ারি) শুনানির প্রথম দিনেই তিনি তাঁর প্রার্থিতা ফিরে পেলেন।
গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ওই সময়ই তিনি নির্বাচন কমিশনে আপিলের ঘোষণা দিয়েছিলেন। এরপর গত ৫ জানুয়ারি প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ইসিতে আপিল আবেদন জমা দেন তিনি।
রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির শুনানির প্রথম দিনেই তাসনিম জারার আবেদন মঞ্জুর করে তাঁর মনোনয়নপত্রকে বৈধ বলে রায় দেয় কমিশন। এর ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে তাঁর আর কোনো আইনি বাধা রইল না।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে জমা পড়া আবেদনগুলোর ওপর শনিবার বিকাল পাঁচটা পর্যন্ত মোট ৭০ জনের শুনানি হওয়ার কথা রয়েছে। সারা দেশ থেকে মোট ৭২৩ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছিলেন। তবে এর মধ্যে ৭৮ জন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় শেষ পর্যন্ত ৬৪৫ জনের আপিল শুনানির জন্য চূড়ান্ত করা হয়।
কমিশন জানিয়েছে, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই আপিল আবেদনগুলো নিষ্পত্তির কাজ চলবে। প্রার্থীরা ২০ জানুয়ারি পর্যন্ত তাঁদের প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। এরপর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।



