তারেক রহমানকে দেশ গঠনের সুযোগ দিন: সেলিমুজ্জামান সেলিম

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক এবং গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। তিনি বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে দেশ গঠনের সুযোগ করে দিতে হবে।

রোববার (১১ জানুয়ারি) রাত ৮টায় কাশিয়ানী উপজেলার বলুগ্রামের ৩০ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্থানীয়রা এই অনুষ্ঠানের আয়োজন করে।

সেলিমুজ্জামান সেলিম ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনার একটি ভোটে নির্ধারিত হবে এ এলাকার উন্নয়ন ও আগামী পাঁচ বছরের ভাগ্য। আপনার ভোটেই ঠিক হবে বেকাররা চাকরি পাবে কি না কিংবা এলাকার মানুষ ভালো থাকবে কি না।” তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হয়ে সংসদে কথা বলার সুযোগ পেলে তিনি সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে থাকবেন।

অনুষ্ঠানে দরুদ ও ফাতেহা পাঠের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির সহসভাপতি নুর আলম তোতার সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম এবং ছাত্রবিষয়ক সম্পাদক বিল্লাল খানসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *