কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের সীমানা প্রাচীরের ভেতরে অবস্থিত ওই ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও রাত ১টা পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পরপরই মহেশখালী ও চকরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পার্শ্ববর্তী উপজেলা থেকেও অতিরিক্ত ইউনিট পাঠানো হয়েছে। মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন কাদের রাত ১টার দিকে জানান, একদিকে আগুন নেভানো হলে অন্য প্রান্তে তা আবার জ্বলে উঠছে, ফলে পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হচ্ছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একাধিক ইউনিট সম্মিলিতভাবে কাজ করছে। তবে স্ক্র্যাপ ইয়ার্ডটি পুকুর সদৃশ একটি কাঠামোর মধ্যে হওয়ায় এবং সেখানে বিভিন্ন অব্যবহৃত যন্ত্রাংশ ও সামগ্রী থাকায় আগুন নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়েনি বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাত সাড়ে ১২টার দিকে জানান, স্ক্র্যাপ ইয়ার্ডটি মূল বয়লার এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমও অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সার্বিক ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণে কাজ করে যাচ্ছেন এবং পরবর্তী ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।



