চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকাকালীন মারা গেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, গত রাতে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে শামসুজ্জামান ডাবলুকে ধরে নিয়ে যায়। এরপর তাঁর ওপর অমানুষিক ও পৈশাচিক নির্যাতন চালানো হয়, যার ফলে তাঁর মৃত্যু ঘটে। এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও অমানবিক হিসেবে বর্ণনা করে গভীর শোক প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেশের জন্য শুভ নয়। তিনি উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেকোনো অপরাধের বিচারিক আদালতের মাধ্যমে হওয়াটাই জনগণের প্রত্যাশা। কিন্তু ডাবলুর মতো একজন রাজনৈতিক নেতাকে এভাবে নির্যাতন করে হত্যা করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং এটি দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা।
বিবৃতিতে তিনি আরও বলেন, এই লোমহর্ষক ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। ন্যায়বিচার নিশ্চিত করতে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তিনি ব্যক্তিগতভাবে সেনাপ্রধানের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন।
সবশেষে, শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান বিএনপি মহাসচিব। এই পৈশাচিক ঘটনার প্রতিবাদে সংশ্লিষ্ট মহলে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।



