কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা দলটিতে যোগ দেন। কুমিল্লা উত্তর জেলা যুবশক্তির সভাপতি মাজারুল ইসলাম হানিফের নেতৃত্বে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনে (দাউদকান্দি-মেঘনা) দলের প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিএনপিতে যোগদান প্রসঙ্গে মাজারুল ইসলাম হানিফ বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির ঘোষিত কর্মসূচির ওপর আস্থা রেখেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির নেতৃত্বেই আগামীতে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে এম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম এবং পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। নতুন যোগদান করা নেতা-কর্মীদের বরণ করে নিয়ে বক্তারা আগামী দিনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



