নানা উপায়ে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে: মাহদী আমিন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করার অভিযোগ তুলেছে বিএনপি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ অভিযোগ করেন।

মাহদী আমিন বলেন, আসন্ন নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটার কথা থাকলেও একটি বিশেষ রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলে ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে। তিনি অভিযোগ করেন, ভোটারদের পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করিয়ে নির্দিষ্ট মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি নেওয়া হচ্ছে, যা সরাসরি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ ছাড়া বাড়ি বাড়ি গিয়ে মানুষের জাতীয় পরিচয়পত্র ও বিকাশ নম্বর সংগ্রহের পেছনে অসাধু উদ্দেশ্য রয়েছে বলে তিনি দাবি করেন।

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কথা বলতে গিয়ে তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যালট পেপার নিয়ে বিতর্কের বিষয়টি সামনে আনেন। তিনি বলেন, বাহরাইন, ওমান, কুয়েত ও সৌদি আরবে শত শত ব্যালট নির্দিষ্ট দলের কর্মীদের কাছে থাকা এবং একজনের নম্বর দিয়ে অন্যজনের পোস্টাল ব্যালট সংগ্রহের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। একইসঙ্গে পোস্টাল ব্যালটে ‘ধানের শীষ’ প্রতীকের অবস্থান নিচে রাখা এবং তা ভাঁজ করলে দেখা না যাওয়ার বিষয়টিকে তিনি কাঠামোগত বৈষম্য হিসেবে অভিহিত করেন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন নির্বাচন কমিশনের দ্বৈতনীতির সমালোচনা করে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে তার ব্যক্তিগত ও ধর্মীয় সফর স্থগিত করতে বলা হলেও অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে। এ বিষয়ে কমিশনের নির্লিপ্ততা অনাকাঙ্ক্ষিত বলে তিনি মন্তব্য করেন। এ ছাড়া নির্বাচনে অংশগ্রহনকারী কয়েকজন প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে অহেতুক জটিলতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে বিএনপির পদক্ষেপের কথা জানিয়ে তিনি জানান, জনাব তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাই করা হয়েছে। ব্লু টিক প্রাপ্ত আইডি দুটি ছাড়া তার আর কোনো অফিশিয়াল অ্যাকাউন্ট নেই। তিনি স্পষ্ট করেন যে, ডা. জুবাইদা রহমানের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই এবং ডিপফেইক ও এআই-জেনারেটেড ভিডিওর মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।

নির্বাচনী প্রচারণার বিষয়ে তিনি ঘোষণা করেন, আগামী ২২ জানুয়ারি সিলেট সফরের মধ্য দিয়ে জনাব তারেক রহমান তার আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। এ ছাড়া সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিএনপি ‘১৬৫৪৩’ নম্বরে কল সেন্টার এবং ‘Match My Policy’ নামের একটি ওয়েবসাইট চালু করেছে। সবশেষে তিনি জানান, জুলাই চার্টারের অঙ্গীকার অনুযায়ী বিএনপি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিচ্ছে।

এলাকায় ও নির্বাচনী মাঠে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি সংবাদ সম্মেলন শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *