লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বটগাছতল এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, চরশাহী ইউনিয়নে মহিলা জামায়াতের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা স্থানীয় বিএনপি নেতা বোরহান উদ্দিনের বাড়িতে ভোট চাইতে যান। সেখানে তারা ভোটার আইডি কার্ডের ফটোকপি চাইলে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরবর্তীতে সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের পুরুষ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এ সময় তিনি সাংবাদিকদের জানান, মারামারির ঘটনার উৎপত্তিস্থল খুঁজে বের করা প্রয়োজন। তিনি বলেন, “মহিলা মিটিংয়ে গিয়ে আইডি কার্ড চাওয়া বা গ্রহণ করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে কি না, তা খতিয়ে দেখা দরকার। প্রশাসন বিষয়টি তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি।”
এ্যানি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি পুলিশ এবং জামায়াত প্রার্থী রেজাউল করিমের সঙ্গে কথা বলেছেন। নির্বাচনী পরিবেশ যেন বিঘ্নিত না হয়, সেদিকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, “মারামারি কোনোভাবেই কাম্য নয়। আমরা একটি শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা করি। যতটুকু ঘটনা ঘটেছে, তা এখানেই নিষ্পত্তি করতে হবে।”
এদিকে সংঘর্ষের জেরে রাতে সদর হাসপাতালে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। উভয়পক্ষের পাল্টা-পাল্টি স্লোগানে সাধারণ রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে।



