জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি উল্লেখ করেছেন যে, যুবসমাজের ভাগ্য উন্নয়নে বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু তার বক্তব্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি মজবুত ভিত্তির ওপরই শক্তিশালী ভবন দাঁড়িয়ে থাকে। তাই বিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে, যাতে উচ্চশিক্ষার পথও স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
দেশের বেকারত্ব সমস্যা নিরসনে বিএনপির পরিকল্পনা তুলে ধরে এই নেতা বলেন, টাঙ্গাইলে শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা অনেক হলেও বেকারত্ব একটি বড় সমস্যা। বিএনপি ক্ষমতায় এলে দেশব্যাপী এক কোটি যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি যেসব শিক্ষিত যুবক দ্রুত কর্মসংস্থান পাবেন না, তাদের জন্য এক বছর মেয়াদি বেকার ভাতার ব্যবস্থা করা হবে।
টাঙ্গাইল শহর নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়ে টুকু বলেন, একসময় টাঙ্গাইল শিক্ষা ও ক্রীড়া নগরী হিসেবে পরিচিত ছিল। সেই ঐতিহ্য পুনরুদ্ধার করে টাঙ্গাইলকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়া টাঙ্গাইলকে ‘গ্রিন টাঙ্গাইল’ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতে ৫০ লাখ গাছ রোপণের পরিকল্পনার কথা জানান, যার অংশ হিসেবে ইতোমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুল আহসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হক সানু ও সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।



