আগামীর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সুলতান সালাউদ্দিন টুকুর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামীর বাংলাদেশকে সমৃদ্ধ করে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনের নির্বাচনের জন্য কাজ করতে হবে। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ মিনারে আয়োজিত বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে টুকু বলেন, দেশনেত্রী এ দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এবং মানুষের অধিকার আদায়ে সব সময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তিনি কখনোই অন্যায়ের কাছে আপস করেননি। তাঁর প্রয়াণে বাংলাদেশ আজ এক অভিভাবককে হারিয়েছে উল্লেখ করে টুকু বলেন, বেগম জিয়ার জানাজায় মানুষের বিশাল উপস্থিতিই প্রমাণ করে তিনি কত বড় মাপের এবং জনপ্রিয় নেত্রী ছিলেন।

দলের বর্তমান নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে বিএনপির বিকল্প কিছু ভাবছে না। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। জনগণ বিশ্বাস করে, জনাব তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে এবং সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা ফিরে পাবে।

স্থানীয় উন্নয়ন ও সুশাসন প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, আগামীতে নির্বাচিত হলে তিনি টাঙ্গাইলকে একটি ‘মডেল টাঙ্গাইল’ হিসেবে গড়ে তুলবেন। বিশেষ করে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক এবং কিশোর গ্যাং কালচার মুক্ত সমাজ উপহার দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দলের লক্ষ্য বাস্তবায়নে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *