আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তাদের কঠোর শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গত ৫ আগস্টের পর বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে যেসকল কর্মকর্তা আত্মগোপনে চলে গেছেন, তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ৫ আগস্ট পুলিশ বাহিনীর কাছ থেকে যেসব অস্ত্র হারিয়েছে, সেগুলো উদ্ধারে কাজ চলছে। আসন্ন নির্বাচনে কোনো সন্ত্রাসী যেন এসব অস্ত্র ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, বাংলাদেশ পুলিশ কোনো রাজনৈতিক দল বা স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়; তারা জনগণের বেতনভুক্ত কর্মচারী এবং জনগণের সেবাই তাদের মূল লক্ষ্য।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপদেষ্টা জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এই নির্বাচনে প্রায় দেড় লক্ষাধিক পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন যে, নির্বাচনী দায়িত্ব পালনের সময় কোনো প্রার্থীর পক্ষ থেকে খাবার বা কোনো প্রকার অবৈধ সুযোগ গ্রহণ করা যাবে না। ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের পরামর্শ অনুযায়ী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ৪১তম বিসিএস ব্যাচের ৯৬ জন প্রশিক্ষণার্থীসহ মোট ১০২ জন কর্মকর্তা আজকের কুচকাওয়াজের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করছেন। প্রশিক্ষণে সামগ্রিক শ্রেষ্ঠত্বের জন্য মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে ‘বেস্ট প্রবেশনার’ নির্বাচিত করা হয়। এছাড়া মো. মেহেদী আরিফ একাডেমিক, মো. সজীব হোসেন ফিল্ড অ্যাক্টিভিটিজ, মোসলেহ উদ্দীন আহমেদ হর্সম্যানশিপ এবং সালমান ফারুক বেস্ট শুটার অ্যাওয়ার্ড লাভ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আইজিপি বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি এবং পুলিশ একাডেমির প্রিন্সিপাল তওফিক মাহবুব চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *