ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ দাবি করছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। দলটির দাবি, একটি বিশেষ মহলের হয়ে এই চক্রটি রাজনৈতিক বিতর্ক সৃষ্টির লক্ষ্যে এমন অপকৌশল বেছে নিয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।
সংবাদ সম্মেলনে ড. মাহদী আমিন বলেন, দেশের কিছু কিছু জায়গায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা তোলা হচ্ছে। এটি মূলত একটি প্রতারক চক্রের কাজ যারা পরিকল্পিতভাবে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে। তিনি দেশবাসীকে এ ধরনের লেনদেন থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
একই সাথে ভারতের সঙ্গে বিএনপির কথিত কোনো চুক্তির বিষয়ে ওঠা সাম্প্রতিক অভিযোগগুলো নিয়ে কথা বলেন তিনি। ড. মাহদী আমিন স্পষ্টভাবে জানান, এই ধরনের সব অভিযোগই ভিত্তিহীন এবং রাজনৈতিক অপপ্রচার। প্রতিপক্ষকে ঘায়েল করতে ও জনমনে বিভ্রান্তি ছড়াতে রাজনৈতিক অপকৌশল হিসেবে এসব তথ্য সামনে আনা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
নাগরিকদের আশ্বস্ত করে ড. মাহদী আমিন আরও বলেন, বিএনপি যদি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে সরকারি উদ্যোগেই প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা হবে। সেক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রতিটি যোগ্য নাগরিকের কাছে পৌঁছে দেওয়া হবে।



