আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষের ভাগ্য বদলে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৬ জানুয়ারি) সকালে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এই প্রার্থী চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন।
বক্তব্যে সালাহউদ্দিন আহমদ দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে বলেন, একটি নির্দিষ্ট দল দেশ নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ধর্ম রাজনীতির অঙ্গ হতে পারে না। ধর্মের বাহানা দিয়ে জান্নাতের টিকিট বিক্রির মতো বিভ্রান্তিকর প্রচারণা থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে শক্তিশালী করা হবে যাতে তারা নিজেরাই গণতন্ত্রকে পাহারা দিতে পারে। দেশে যেন পুনরায় কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সেই স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
জনকল্যাণমূলক পরিকল্পনার কথা উল্লেখ করে বিএনপির এই প্রার্থী বলেন, তাদের দল ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’, সুচিকিৎসা নিশ্চিতে ‘স্বাস্থ্য কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ প্রবর্তন করা হবে।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই পথসভায় স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে ধানের শীষের প্রচারণায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে সভায় বক্তারা উল্লেখ করেন।



