ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে কঠোর প্রতিরোধের ঘোষণা জামায়াতে ইসলামীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ যদি আকাশ থেকে কালো চিলের রূপ ধরে কারও ভোট ছিনিয়ে নিতে চায়, তবে তার ডানাসহ ছিঁড়ে ফেলা হবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, নিজেদের ভোটের পাশাপাশি অন্যের ভোটের পাহারাদার হিসেবেও দায়িত্ব পালন করতে হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের খানজাহান আলীর (রহ.) মাজার মোড় সংলগ্ন মাঠে জেলা জামায়াত আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, “শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। যার যোগ্যতা আছে, সেই দেশ পরিচালনা করবে।” তিনি আরও উল্লেখ করেন যে, এ দেশের মানুষ আর পৈতৃক সূত্রের রাজনীতি দেখতে চায় না। জামায়াত সবাইকে বন্ধু হিসেবে পেতে চায়, কিন্তু কাউকে প্রভু হিসেবে মেনে নেবে না। গত ৫৪ বছরে বিভিন্ন সময়ে যে প্রভুত্ব ও আধিপত্যবাদ জাতির ঘাড়ে চেপে বসেছিল, আগামীতে তা আর বরদাস্ত করা হবে না বলে তিনি সতর্ক করেন।

বাগেরহাটের আঞ্চলিক সমস্যার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, এই অঞ্চলের অনেক এলাকাকে সুপরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। যারা দেশের টাকা পাচার করে কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছেন, তাদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, তাদের ধন্যবাদ জানানোর কোনো সুযোগ নেই। তিনি দৃঢ়তার সাথে বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে মাত্র পাঁচ বছর সময়ই এই জাতিকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এ সময় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মশিউর রহমান খান সহ অন্যান্য সংসদীয় আসনের পদপ্রার্থী এবং স্থানীয় ও কেন্দ্রীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনে একটি ইনসাফ কায়েমের সমাজ গঠনের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *