টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে সুলতান সালাউদ্দিন টুকুর মতবিনিময়

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ ও সহাবস্থানের টাঙ্গাইল গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল–৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী জনাব সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

মতবিনিময়কালে জনাব সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের মাধ্যমে দেশ ও জাতির কাছে সঠিক তথ্য তুলে ধরার গুরুত্ব উল্লেখ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, “আপনারা সবসময় আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন। যারা পাশে থেকে সহযোগিতা করেন, সেই সকল সাংবাদিক ভাইদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে জনাব সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তিনি একটি আধুনিক টাঙ্গাইল গড়তে চান যেখানে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের কোনো স্থান থাকবে না। সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তিনি গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা কামনা করেন।

সভায় তিনি আগামী ৩১ জানুয়ারির রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে তথ্য প্রদান করেন। তিনি জানান, এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান টাঙ্গাইল সফরে আসবেন। বিকাল ৪টায় টাঙ্গাইল দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এই জনসভা সফল করতে এবং সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের পেশাগত অধিকার ও মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সমাধানের চেষ্টা করা হবে। পাশাপাশি সাংবাদিকদের কাজের পরিবেশ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন জনাব সুলতান সালাউদ্দিন টুকু।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *