বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষ ও কৃষকদের কল্যাণে বড় ধরনের আর্থিক সুবিধা প্রদান করা হবে। শনিবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে এক নির্বাচনি পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই প্রতিশ্রুতি দেন।
মির্জা ফখরুল জানান, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মাফ করে দেওয়া হবে। বিশেষ করে নারীদের জন্য সুখবর দিয়ে তিনি বলেন, এনজিও থেকে নেওয়া নারীদের কিস্তির ঋণের দায়িত্ব সরকার নেবে। তিনি উল্লেখ করেন, ইতিপূর্বে বিএনপি ক্ষমতায় থাকাকালীন ৫ হাজার টাকা পর্যন্ত ঋণ এবং ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করার নজির রয়েছে।
নির্বাচন প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, এবার দেশে একটি ভালো নির্বাচন হতে যাচ্ছে যেখানে সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন। তিনি ভোটারদের অভিজ্ঞ ও আমানত রক্ষা করে এমন দলকে নির্বাচিত করার আহ্বান জানান।
বক্তব্য চলাকালে তিনি প্রতিদ্বন্দ্বী ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে প্রশ্ন তুলে বলেন, দাঁড়িপাল্লা অনেক আগে থেকে রাজনীতি করলেও তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভয়াবহতা ও ত্যাগ স্মরণ করে তিনি বলেন, পাকিস্তানিরা সাধারণ মানুষের ওপর যে অত্যাচার চালিয়েছে এবং যারা বাংলাদেশের অস্তিত্ব মানতে চায়নি, তাদের ভোট দেওয়ার প্রশ্নই আসে না।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বাস করছে। যারা ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে তারা দেশের অগ্রগতির পথে বড় বাধা। তিনি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ব্যক্তিগত সততার কথা উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রী থাকাকালীন তিনি কখনও অনৈতিক কোনো সুবিধা গ্রহণ করেননি। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



