‘ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে’: ভোট দিয়ে এ্যানির প্রতিক্রিয়া

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

ভোট দেওয়ার পর এ্যানি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর একটি সুন্দর পরিবেশ পাওয়া গেছে। এই পরিবেশের মধ্য দিয়ে দেশবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। নির্বাচনের এই শান্তিপূর্ণ পরিবেশ ও পরিস্থিতি শেষ পর্যন্ত অব্যাহত থাকবে বলে তিনি বিশ্বাস করেন।

যোগ্য প্রতিনিধি নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই প্রার্থী বলেন, শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আমরা যেন সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি এবং যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে পারি। নির্বাচিত হলে আগামী দিনে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি সবসময় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

ভোটদানকালে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ আসনে এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে স্থানীয় বিশ্লেষক ও রাজনৈতিক মহলের ধারণা অনুযায়ী, এই আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর মধ্যে। এখন সবার নজর নির্বাচনের চূড়ান্ত ফলাফলের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *