বাগেরহাটে ৪ আসনের বেসরকারি ফলে ৩টিতে জামায়াত, ১টিতে বিএনপি জয়ী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত বেসরকারি ফলাফলে জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছেন এবং একটি আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী।

বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে জামায়াতের প্রার্থী মো. মশিউর রহমান খান নির্বাচিত হয়েছেন বলে বেসরকারি ফলে উল্লেখ করা হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৯৫৬ ভোট।

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জামায়াতের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলে তার প্রাপ্ত ভোট ১ লাখ ১৭ হাজার ৭০৯। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬ হাজার ৩৯৯ ভোট।

অন্যদিকে বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম। বেসরকারি হিসাব অনুযায়ী তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৯৩ ভোট। এ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ পেয়েছেন ৮৩ হাজার ২০৬ ভোট।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে জামায়াতের প্রার্থী মো. আব্দুল আলীম নির্বাচিত হয়েছেন বলে বেসরকারি ফলে জানানো হয়েছে। তার প্রাপ্ত ভোট ১ লাখ ১৪ হাজার ৯২৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে পেয়েছেন ৯৫ হাজার ৫৯৫ ভোট।

এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতের নেতৃত্বাধীন জোটের সমর্থকরা চূড়ান্ত ফলাফলের জন্য বাগেরহাট জেলা প্রশাসকের দপ্তরে অপেক্ষা করছেন। দেশের বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসার খবরে মাঝেমধ্যেই তারা উল্লাস প্রকাশ করছেন এবং খোদার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছেন বলেও উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *