বাগেরহাটে জামায়াতের জয়জয়কার: ৪ আসনের ৩টিতেই জয়, ১টিতে বিএনপি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থীরা নিরঙ্কুশ আধিপত্য দেখিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত পেরিয়ে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, জেলার ৩টি আসনে জামায়াতে ইসলামী এবং ১টি আসনে বিএনপি জয়লাভ করেছে।

এবারের নির্বাচনে বাগেরহাটে একাধিক চমক সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাগেরহাট-১ ও বাগেরহাট-২ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। এর আগে কোনো জাতীয় নির্বাচনে এই দুটি আসনে দলটি জয়ের মুখ দেখেনি। বিশেষ করে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসনে জামায়াতের মো. মশিউর রহমান খানের জয়কে বড় চমক হিসেবে দেখা হচ্ছে। তিনি ১ লাখ ১৭ হাজার ৫২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মন্ডল পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩২৩ ভোট।

বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনে জামায়াতের শেখ মনজুরুল হক রাহাদ ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬ হাজার ৪০৯ ভোট। অন্যদিকে, বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম ১ লাখ ২ হাজার ৬৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ আবদুল ওয়াদুদ সেখ পেয়েছেন ৮৩ হাজার ৫৫০ ভোট।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াতের আব্দুল আলীম ১ লাখ ১৬ হাজার ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে পেয়েছেন ৯৮ হাজার ৩২৬ ভোট। উল্লেখ্য যে, বিজয়ী আব্দুল আলীম এর আগে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।

ফল ঘোষণা শেষে রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন জানান, জেলার চারটি আসনেই বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। শেষ পর্যন্ত তিনটি আসনে বিএনপি প্রার্থীদের হারিয়ে জামায়াতে ইসলামী এবং একটি আসনে জামায়াতকে পরাজিত করে বিএনপির প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *