ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৮ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তার মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় মার্কিন দূতাবাস বাংলাদেশের সাধারণ মানুষকে একটি সফল নির্বাচন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে নির্বাচনে বিএনপি ও তারেক রহমানের অসামান্য সাফল্যের প্রশংসা করে তাদের শুভেচ্ছা জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে যুক্তরাষ্ট্র তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উল্লেখ করে জানায়, দুই দেশের পারস্পরিক সমৃদ্ধি এবং নিরাপত্তার অভিন্ন লক্ষ্যগুলো বাস্তবায়নে তারা নতুনভাবে কাজ শুরু করতে আগ্রহী। বাংলাদেশের উন্নয়নের অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।
জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করার পর আন্তর্জাতিক মহলের এই শুভেচ্ছা বার্তাটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির বিষয়ে যুক্তরাষ্ট্রের এই সরাসরি আগ্রহ প্রকাশ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।



