দেশজুড়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা বিএনপির

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল আসনে জয়লাভ করায় দেশজুড়ে আনন্দ ও স্বস্তির পরিবেশ বিরাজ করছে। তবে এই বিজয় উদ্‌যাপনে কোনো ধরনের আনন্দ মিছিল বা জনসভা না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাচনে বিএনপি বিপুলসংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগরসহ দেশবাসীকে দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। বিজয়ের এই মুহূর্তে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমআ বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশবাসীর মঙ্গল কামনায় ঢাকাসহ সারা দেশের মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দলের পক্ষ থেকে কঠোরভাবে জানানো হয়েছে যে, নির্বাচনে বিজয়ী হওয়া উপলক্ষে বিএনপি বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে কোনো প্রকার আনন্দ মিছিল কিংবা সভা করা যাবে না। পরিবর্তে সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের সকল মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিএনপি। নির্বাচনের এই ঐতিহাসিক জয়ের পর সংযম প্রদর্শন এবং দোয়ার মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *