সুষ্ঠু নির্বাচনের পর দেশজুড়ে বিশেষ দোয়া ও প্রার্থনার অনুরোধ ইসির

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আজ শুক্রবার দেশজুড়ে বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ইসি উল্লেখ করেছে, এবারের গণভোট ও সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে আয়োজনে সংশ্লিষ্ট সকল মহলের ভূমিকা ছিল প্রশংসনীয়। এ লক্ষ্যে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এছাড়া নির্বাচন পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ভোটারদের সহযোগিতার বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

দেশের শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি কামনা করে আজ শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ মোনাজাত বা দোয়ার আয়োজন করতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য সকল ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়।

সুষ্ঠু নির্বাচন পরবর্তী এই দোয়া ও প্রার্থনার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন ও জনজীবনে প্রশান্তি বজায় থাকবে বলে আশা প্রকাশ করছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *