দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে বেসরকারি ফলাফলে জয়ী হয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। এই নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়লাভ করেছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তাঁর এই বিজয়ের পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা-১৭ আসনে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ডা. খালিদুজ্জামান এই অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, নির্বাচনের ফলাফল তাঁদের প্রত্যাশা অনুযায়ী না এলেও সাধারণ মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন তিনি পেয়েছেন, সেটিই তাঁর জীবনের সবচেয়ে বড় অর্জন।
নির্বাচনী লড়াই প্রসঙ্গে তিনি বলেন, অনেক জায়গায় সামান্য ভোটে পিছিয়ে থাকলেও এই অল্প ব্যবধানই প্রমাণ করে যে মানুষ নীতিভিত্তিক রাজনীতি ও বিকল্প শক্তি চায়। এই জাগরণকেই তিনি আগামী দিনের পথচলার শক্তি হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তিনি দলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কল্যাণের রাজনীতি একটি দীর্ঘ পথচলা এবং মানুষের আস্থা অর্জনের এই যাত্রা থামবে না।
বিজয়ী প্রার্থী জনাব তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডা. খালিদুজ্জামান লেখেন, “বিজয় মানে কথা রাখা আর প্রত্যাশা পূরণের এক মহা পরীক্ষার সূচনা।” তিনি আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত প্রতিনিধি জনগণের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবেন। জনগণের স্বার্থে যেকোনো ইতিবাচক ভূমিকায় এবং গঠনমূলক সমালোচনায় নিজেদের অবস্থান স্পষ্ট রাখার কথাও জানান তিনি।
সবশেষে ভোটার ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যোগ-বিয়োগের খেলায় পিছিয়ে থাকলেও জনগণের ভালোবাসা তাঁর শক্তি। পরাজিত হলেও জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এই নেতা।



