স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

নতুন সরকার গঠনের প্রাক্কালে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে এক অভিনব উদ্যোগের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি ‘ছায়া মন্ত্রিসভা’ (Shadow Cabinet) গঠনের প্রস্তুতির কথা জানান।

আসিফ মাহমুদ তাঁর পোস্টে উল্লেখ করেন, সরকারের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং একটি ‘ওয়াচডগ’ হিসেবে ভূমিকা রাখতেই তাঁরা এই পদক্ষেপ নিচ্ছেন। এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরও তাঁর ফেসবুক স্ট্যাটাসে একই ইচ্ছার কথা জানান। তিনি লেখেন, “আমরা ছায়া মন্ত্রীপরিষদ গঠন করব ইনশাআল্লাহ।”

সংসদীয় গণতন্ত্রে ‘ছায়া মন্ত্রিসভা’ একটি অত্যন্ত কার্যকর রাজনৈতিক কাঠামো। সাধারণত বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গঠিত এই কাঠামোতে ক্ষমতাসীন সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ‘ছায়া মন্ত্রী’ নিযুক্ত থাকেন। সরকার যখন কোনো নতুন নীতি বা সিদ্ধান্ত গ্রহণ করে, তখন সংশ্লিষ্ট ছায়া মন্ত্রী সেই নীতির ভালো-মন্দ বিশ্লেষণ করেন এবং জনসমক্ষে এর সম্ভাব্য ত্রুটি বা বিকল্প প্রস্তাব তুলে ধরেন।

যদিও এই ছায়া মন্ত্রিসভার কোনো প্রশাসনিক বা নির্বাহী ক্ষমতা থাকে না, তবে সংসদীয় ব্যবস্থায় এটি সরকারকে নিরন্তর জবাবদিহির মধ্যে রাখতে সাহায্য করে। একই সঙ্গে, বিরোধী দলের নেতাদের জন্য এটি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার একটি ব্যবহারিক প্রস্তুতি হিসেবেও কাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *