নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বাসভবনে গিয়েছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমীরের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াত আমীরের সঙ্গে সাক্ষাৎ শেষে জনাব তারেক রহমানের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে।
সাক্ষাৎকালে জনাব তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে, জামায়াত আমীরের সঙ্গে ছিলেন দলটির নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, দেশের রাজনীতিতে একটি ইতিবাচক ধারার সূচনা করতে চায় বিএনপি। এরই ধারাবাহিকতায় দলের প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বাসায় সশরীরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন জনাব তারেক রহমান। রাজনৈতিক শিষ্টাচার ও সম্প্রীতি বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য যে, এর আগে বিএনপি’র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সমবেদনা জানাতে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে গিয়েছিলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। এ ছাড়া বেগম জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও তার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন তিনি। এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও বেগম জিয়ার মৃত্যুর পর জনাব তারেক রহমানের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছিলেন।
দুই দলের শীর্ষ নেতাদের এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিবাচক রাজনীতির এই নতুন ধারা আগামী দিনে দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় কী ভূমিকা রাখে, এখন সেটিই দেখার বিষয়।



