আদালতের নির্দেশ পেলেই ভোট পুনর্গণনা: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আদালতের নির্দেশনা পাওয়া গেলে ভোট পুনর্গণনার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কমিশনের এই অবস্থানের কথা পরিষ্কার করেন।

শপথ গ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী ফলাফল ঘোষণার পর তিন দিনের মধ্যে স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ না পড়ালে, চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। তবে এ বিষয়ে এখনো সংসদ সচিবালয় থেকে কোনো আনুষ্ঠানিক চিঠিপত্র কমিশন পায়নি বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচনের ফলাফল ও বিভিন্ন সমস্যা নিয়ে কমিশনে দাবি জানানো হয়েছে। এ প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, জোটের পক্ষ থেকে যেসব বক্তব্য ও সমস্যার কথা বলা হয়েছে, সেগুলো শোনা হয়েছে। তবে তিনি তড়িঘড়ি করে ফলাফল প্রকাশের অভিযোগ অস্বীকার করে জানান, মাঠপর্যায়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অত্যন্ত দক্ষতার সাথে স্বচ্ছতার ভিত্তিতে ফলাফল তৈরির কাজ করেছেন। নিয়ম অনুযায়ী এবং স্মার্টলি জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা করেছে কমিশন।

নির্বাচন কমিশনার আরও উল্লেখ করেন যে, জোটের দাবিগুলোর আইনি ও প্রশাসনিক বিচার-বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, “আইন তাদেরকে এই সুযোগ দিয়েছে যে, নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকলে তারা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। আদালতের নির্দেশ এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সার্বিকভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে বলে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, আল্লাহর অশেষ রহমতে একটি ভালো নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে। এখন আইনি প্রক্রিয়া ও নির্ধারিত নিয়ম অনুযায়ী পরবর্তী ধাপগুলো সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *