১০ মার্চ থেকে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’; মাসে আড়াই হাজার টাকা পাবেন সুবিধাভোগীরা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে ‘ইউনিভার্সেল ফ্যামিলি কার্ড’ চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির পরীক্ষামূলক উদ্বোধন করবেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

মন্ত্রী জানান, অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন একটি মন্ত্রিসভা কমিটির সুপারিশের ভিত্তিতে প্রাথমিকভাবে ১৪টি উপজেলার একটি করে ইউনিয়ন ও ওয়ার্ডে এই কার্যক্রম শুরু করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীদের প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকারের লক্ষ্য হলো—পর্যায়ক্রমে এই কর্মসূচিকে সারা দেশের প্রতিটি গ্রাম ও পাড়ায় পৌঁছে দেওয়া।

কার্ড বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী বলেন, “এটি হবে একটি সম্পূর্ণ ইউনিভার্সেল কার্ড ব্যবস্থা। এখানে রাজনৈতিক পরিচয় বা ধর্মীয় কোনো বৈষম্য রাখা হবে না। কেবলমাত্র আর্থিক অবস্থার ভিত্তিতে প্রকৃত অভাবী পরিবারগুলোই এই সেবা পাবে।” ঈদুল ফিতরের আগেই প্রথম ধাপের কার্ডধারীরা তাদের সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে চার মাসব্যাপী এই পাইলটিং বা পরীক্ষামূলক কার্যক্রম চলবে। এরপর ধাপে ধাপে দেশের প্রতিটি উপজেলায় এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে এই কার্ড ব্যবস্থা একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *