প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে নৌ বাহিনী সদর দপ্তর কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। লন্ডন থেকে দেশে ফেরার পর এই মসজিদেই তিনি নিয়মিত জুমার নামাজ আদায় করছেন। নামাজ শেষে তিনি মসজিদের বাইরে অপেক্ষমাণ একদল শিশু-কিশোরদের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী জুমার নামাজ আদায়ের পর বের হওয়ার সময় শিশুদের কাছে এগিয়ে যান। এ সময় শিশুরা উচ্ছ্বসিত হয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করে। এক পর্যায়ে এক শিশু অত্যন্ত সরলভাবে প্রশ্ন করে, “আংকেল আপনি রোজা রাখেন?” জবাবে প্রধানমন্ত্রী তার সঙ্গে হাত মিলিয়ে হেসে বলেন, “আমি! আমি তো রোজা রাখি।”
এরপর প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে পাল্টা প্রশ্ন করেন, “তোমরা রোজা রাখো?” সমস্বরে শিশুরা ইতিবাচক উত্তর দিলে তিনি তাদের প্রশংসা করেন। এক শিশু জানায় সে আজকেরটি বাদে সব রোজা রেখেছে, আবার অন্য এক শিশু সব কটি রোজা রাখার কথা জানালে প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে ‘ভেরি গুড’ বলে উৎসাহ দেন।
এ সময় এক আবেগঘন ও আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়। শিশুরা প্রধানমন্ত্রীকে এত কাছে পেয়ে আনন্দে মেতে ওঠে। পরে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মসজিদের মহিলাদের নির্ধারিত অংশ থেকে বের হয়ে আসলে প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে বিদায় নেন। বিদায়বেলায় শিশুরা প্রধানমন্ত্রীর কাছে দোয়া প্রার্থনা করলে তিনি হাত নেড়ে ‘আল্লাহ হাফেজ’ বলে গাড়ির দিকে রওনা হন।



