সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দুর্নীতি রুখতে সম্পূর্ণ ডিজিটাল ও ত্রুটিমুক্ত ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। রবিবার (১ মার্চ) রাজধানীর কড়াইল বস্তিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এই ঘোষণা দেন।
মন্ত্রী জানান, নতুন এই প্রক্রিয়ায় পাঁচজন সদস্য বিশিষ্ট একটি পরিবারকে একটি ‘হাউসহোল্ড’ হিসেবে গণ্য করা হবে। পরিবারের দায়িত্বশীল নারী সদস্যের নামেই এই কার্ড ইস্যু করা হবে, যা ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ ‘ফ্যামিলি ট্রি’ হিসেবে কাজ করবে। বর্তমানে শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করছেন। আগামী ৩ মার্চের মধ্যে তথ্য সংগ্রহ এবং ৮ মার্চের মধ্যে কার্ড বিতরণের প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ১০ মার্চ প্রধানমন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধন করতে পারেন।
অনিয়ম রোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, “কারো হাতে নগদ অর্থ দেওয়া হবে না। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নির্ধারিত মোবাইল নম্বর বা ব্যাংক হিসাবে সরাসরি অর্থ পাঠানো হবে। এতে মধ্যস্বত্বভোগী বা বাইরের সুপারিশের কোনো সুযোগ থাকবে না।” তিনি আরও জানান, ভবিষ্যতে ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ কর্মসূচির আওতায় সকল সরকারি সুবিধা একটি মাত্র কার্ডের মাধ্যমে প্রদান করা হবে।
বর্তমানে ঢাকা-১৫ ও ঢাকা-১৭ আসনসহ চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় এবং রাজবাড়ীর পাংশা উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম চলছে। ঈদুল ফিতরের পর দ্বিতীয় ধাপে এবং আগামী অর্থবছর থেকে সারাদেশে এই ডিজিটাল ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।



