গাজীপুরের শ্রীপুরে একটি অপহরণ মামলার আসামিদের গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আসামিদের স্বজনরা পুলিশ সদস্যদের ‘ডাকাত’ ও ‘ভুয়া পুলিশ’ বলে গুজব ছড়িয়ে তাদের ওপর হামলা চালায় এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। রবিবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এই ঘটনা ঘটে।
হামলায় টাঙ্গাইল সদর থানা ও স্থানীয় শ্রীপুর থানার সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন— এসআই তাজুল ইসলাম, কনস্টেবল জাকির হোসেন, বাচ্চু মিয়া, কামরুল হাসান, ফাতেমা আক্তার, মোজাম্মেল হোসেন এবং হাসানুর রহমান। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফজলুল হক সুমন জানিয়েছেন, আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে রাতে হাসপাতাল ছেড়েছেন।
পুলিশ সূত্র জানায়, টাঙ্গাইল সদর থানার একটি টিম শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনির হোসেন (৫০) ও তার ছেলে আদিলকে (২২) গ্রেফতার করতে নিজমাওনা গ্রামে যায়। আসামিদের ধরে পুলিশের গাড়িতে তোলার সময় তাদের স্বজনরা চিৎকার করে এলাকাবাসীকে জড়ো করে এবং পুলিশকে ‘ডাকাত’ বলে আখ্যা দেয়। এতে স্থানীয়রা বিভ্রান্ত হয়ে পুলিশের ওপর হামলা চালায়।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে অপহরণ মামলার মূল দুই আসামিসহ হামলার ঘটনায় জড়িত দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ জানিয়েছেন, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



