কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাচারের সময় স্টোরকিপার ফারুক আহমেদকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কলেজপাড়া মাস্টার কলোনি এলাকার একটি কুরিয়ার সার্ভিসের বুকিং অফিস থেকে তাকে হাতেনাতে ধরা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে স্টোরকিপার ফারুক আহমেদ হাসপাতাল থেকে ৪০ হাজার পিস মেট্রোনিডাজল ট্যাবলেট এবং ১৮টি ওজন পরিমাপক যন্ত্র গোপনে বের করেন। সন্ধ্যায় তিনি এসব মালামাল ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে স্থানীয় একটি কুরিয়ার সার্ভিসে নিয়ে যান। গোপন তথ্যের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে মালামালসহ তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও সরঞ্জাম ঢাকার বাবুবাজার মিটফোর্ড এলাকার এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। কুরিয়ার সার্ভিসের অপারেটর আরিফুল ইসলাম জানান, ফারুক আহমেদ মালামাল বুকিং দিতে এলে প্যাকেট খুলে সরকারি ওষুধ দেখে তারা সন্দেহ করেন এবং পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয়।
রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালগুলো হাসপাতালের স্টোর থেকেই সরানো হয়েছে। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।



