সারা দেশের নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখননের এক বিশাল কর্মযজ্ঞ শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ‘জাতীয় খাল খনন কর্মসূচি’র উদ্বোধন করবেন। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী জানান, এটি বিএনপির একটি অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি। চার বছর মেয়াদী এই কর্মসূচির আওতায় সারা দেশে মোট ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন করা হবে। প্রকল্পটি পানিসম্পদ, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে বাস্তবায়িত হবে।
এবারের কর্মসূচির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো জনসম্পৃক্ততা। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, খাল খননে আধুনিক যন্ত্রপাতির (এক্সকাভেটর) ব্যবহার যতটা সম্ভব কমিয়ে সাধারণ শ্রমিক ও মানুষের শ্রমকে প্রাধান্য দিতে হবে। মোট কাজের অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ যেন সাধারণ মানুষের হাতে সম্পন্ন হয়, তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি। এমনকি হাইস্কুল ও কলেজের শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এই জাতীয় কর্মসূচিতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
বিগত সময়ে খাল খননের নামে হওয়া লুটপাটের অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সরাসরি শ্রমিকের মাধ্যমে কাজ করানোর মূল লক্ষ্যই হলো দুর্নীতি রোধ করা। মাঠ পর্যায়ে স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত থেকে এই কাজের তদারকি করবেন। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রীর উদ্বোধনের পাশাপাশি আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে একযোগে এই কর্মসূচির সূচনা করবেন।



