মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সবসময়ই তথাকথিত ‘বট বাহিনী’র সুসংগঠিত অপপ্রচারের যোগ্য জবাব দিয়েছে। বুধবার (১১ মার্চ) রাজধানীর খিলক্ষেতের একটি হোটেলে সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী টুকু বলেন, “নির্বাচনকালীন সময়ে এবং যখনই কেউ বট বাহিনীর আক্রমণের শিকার হয়েছেন, জিয়া সাইবার ফোর্স তাদের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হলেও দেশ ও সরকারের বিরুদ্ধে এখনো নানা প্রোপাগান্ডা ও ষড়যন্ত্র চলছে। তাই দায়িত্ব পাওয়ার পর বসে থাকলে চলবে না; অপপ্রচার রোধে আমাদের আরও সক্রিয় হতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কৃত্রিমভাবে তৈরি ‘বট বাহিনী’। জিয়া সাইবার ফোর্স সেই প্রোপাগান্ডার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছিল। তিনি ভবিষ্যতে এই বাহিনীকে আরও কঠোরভাবে মোকাবিলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) একেএম শামছুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনও এ সময় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত জিয়া সাইবার ফোর্সের এক দশকের কর্মকাণ্ডের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এক আবেগঘন পরিবেশে আন্দোলনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে সংগঠনের পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা তুলে দেওয়া হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে ইফতার অনুষ্ঠিত হয়।



