সংসদ অধিবেশনে স্পিকারের আসনের ওপরে স্থাপন করা হলো ‘কালেমা খচিত’ ক্যালিগ্রাফি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতীয় সংসদ ভবনের মূল অধিবেশন কক্ষে এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিশেষ নির্দেশনায় স্পিকারের চেয়ার বরাবর ওপরের উঁচু দেওয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ খচিত একটি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ ভবনে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠকের সময় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর সংসদ ভবন সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে এই ক্যালিগ্রাফি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই দ্রুততার সাথে অধিবেশন কক্ষের নির্ধারিত দেওয়ালে পবিত্র কালেমা খচিত আরবি ক্যালিগ্রাফিটি খোদাই করে স্থাপন করা হয়। উল্লেখ্য যে, এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। নতুন এই আধ্যাত্মিক ও শৈল্পিক অলঙ্করণ নিয়ে নতুন সংসদের প্রথম অধিবেশনে যোগ দেবেন নির্বাচিত প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *