প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ঢাকার বাইরে আনুষ্ঠানিক জেলা সফরে দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনব্যাপী এই সফরে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সেখান থেকে আকাশপথে যাত্রা করে সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর সড়কপথে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বিশেষ বাসে করে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকার সাহাপাড়া খাল খনন অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন।
বেলা ১১টা ৩০ মিনিটে সাহাপাড়া খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর ১২টা ১৫ মিনিটে তিনি স্থানীয় দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ‘ব্ল্যাক বেঙ্গল’ জাতের ছাগল বিতরণ করবেন। দুপুর সাড়ে ১২টায় একই স্থানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
বিকেলের কর্মসূচিতে প্রধানমন্ত্রী দিনাজপুর পৌরসভার উপশহরে অবস্থিত শেখ ফরিদ মডেল কবরস্থানে গিয়ে তাঁর নানা-নানি ও খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। বিকেল ৫টায় গোর-এ শহীদ বড় ময়দানে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করার কথা রয়েছে তাঁর। এরপর সন্ধ্যা পৌনে ৭টায় তিনি সড়কপথে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে দিনাজপুর ত্যাগ করবেন এবং রাত সাড়ে ৯টা নাগাদ ঢাকা পৌঁছাবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও পুলিশ সুপার জিদান আল মুসা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিশ্ছিদ্র নজরদারি বজায় রেখেছেন।



