পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রোববার (১৫ মার্চ) দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন, লাইলাতুল কদর একটি মহিমান্বিত ও বরকতময় রাত। এই পবিত্র রাতেই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন এবং এই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, এই রাত মানবজাতির জন্য পরম কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে। ইবাদত-বন্দেগি ও তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের এটি এক অনন্য সুযোগ।

রমজান মাসের গুরুত্ব তুলে ধরে জনাব তারেক রহমান বলেন, এই মাস সংযম, আত্মশুদ্ধি এবং মানবিক গুণাবলি জাগরণের সময়। লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে অনুপ্রাণিত করে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে যেন সবাই এই রাতের তাৎপর্য অনুধাবন করে বেশি বেশি ইবাদত করেন এবং একইসঙ্গে মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করেন। বাণীতে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির অগ্রগতি, শান্তি, সম্প্রীতি ও অসীম রহমত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *