‘প্রধানমন্ত্রী ইজ অ্যা গুড লিসেনার’: তারেক রহমানের নেতৃত্বগুণের প্রশংসা বিডা চেয়ারম্যানের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বগুণের ভূয়সী প্রশংসা করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে একজন ‘গুড লিসেনার’ বা ভালো শ্রোতা হিসেবে অভিহিত করেন।

বিডা চেয়ারম্যান উল্লেখ করেন, গত এক মাসে প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছু আন্তঃমন্ত্রণালয় বৈঠক ও পর্যালোচনা সভায় কাজ করার সুযোগ হয়েছে তার। আশিক চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফলাফলভিত্তিক নেতৃত্বে বিশ্বাসী। তিনি সবার কথা ধৈর্য ধরে শোনেন এবং কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না।” প্রধানমন্ত্রীর সময়নিষ্ঠা ও অনাড়ম্বর আচরণ তাকে আশাবাদী করেছে বলেও জানান তিনি।

বিনিয়োগের পরিবেশ সম্পর্কে বিডা চেয়ারম্যান জানান, বৈশ্বিক অস্থিরতার কারণে বিদেশি বিনিয়োগ কমলেও সরকার দেশীয় বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে বিডা ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছে। এই পরিকল্পনায় সরকারি প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

পরিকল্পনার ২৫টি উল্লেখযোগ্য পদক্ষেপের মধ্যে রয়েছে— বন্ধ ও রুগ্ন সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে রূপান্তর, সমরাস্ত্র শিল্প নীতিমালা প্রণয়ন, এবং বিকল্প জ্বালানি উৎসের সন্ধান। এছাড়া ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ‘বেসরকারি খাতের উপদেষ্টা কাউন্সিল’ গঠন এবং সরকারি সেবার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলাবিজ’ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আশিক চৌধুরী আরও জানান, আগামী ছয় মাস পর একটি ‘রেজাল্ট কার্ড’ প্রকাশ করা হবে, যেখানে নির্ধারিত লক্ষ্যমাত্রার কতটুকু অর্জিত হয়েছে তা জনগণের সামনে তুলে ধরা হবে। সবশেষে হাস্যরসের ছলে তিনি জানান, তার প্রিয় শখ প্যারাসুট নিয়ে ঝাঁপ দেওয়ার অনুমতি তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছেন, তবে তা হাত-পা না ভাঙার শর্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *