দেশবাসীকে সাথে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়বো: লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রী এ্যানি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘দেশবাসীর সহযোগিতার মধ্য দিয়ে বিএনপি দেশ পরিচালনা করছে। আমাদের আন্তরিকতা আজ জনগণের কাছে দৃশ্যমান। আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে আগামীর নতুন বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলবো।’

শনিবার (২১ মার্চ) সকালে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকাল পৌনে ৭টায় অনুষ্ঠিত এই জামাতে মন্ত্রীর সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

মন্ত্রী আরও বলেন, ‘আমরা সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছি। লক্ষ্মীপুরসহ সারা দেশের মানুষকে জানাই ঈদ মোবারক। সব ভেদাভেদ ভুলে দেশ পরিচালনা করতে বিএনপি সরকার বদ্ধপরিকর। জনগণের প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাচ্ছি।’

জেলা মডেল মসজিদে আয়োজিত এই জামাতে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মেহেদী হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ এবং বিএনপি নেতা মহিন উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নামাজ শেষে মন্ত্রী উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

Leave a Reply