রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় উদ্ধারকৃত মরদেহের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ১১ জন নারী এবং ৫ জন পুরুষ রয়েছেন।
এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ৩ নম্বর ফেরিঘাট এলাকায় পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি মুহূর্তের মধ্যে গভীর পানিতে তলিয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন জানান, রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির নিচে থাকা বাসটির সামনের অংশ শনাক্ত করে। এরপর বাসটির ভেতর থেকে একের পর এক মরদেহ বের করে আনা হয়। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর দুর্ঘটনাকবলিত বাসটি নদী থেকে উপরে তুলে আনা সম্ভব হয়েছে।
জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধারের পাশাপাশি একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং তাদের সন্ধানে ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরি দলসহ বিভিন্ন ইউনিটের সমন্বিত উদ্ধার অভিযান চলমান রয়েছে।



