মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তাঁরা বীর শহীদদের প্রতি এই শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যগণ, কূটনীতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দলীয় প্রধান হিসেবে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সাথে তিনি মন্ত্রিসভার পক্ষেও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্মৃতিসৌধে উপস্থিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন এবং পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।



