সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ভালো থাকার অঙ্গীকার হোক: প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

এবারের স্বাধীনতা দিবসে সমাজের নির্দিষ্ট কোনো অংশ নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একসঙ্গে ভালো থাকার অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সরকার গঠনের পর এই প্রথমবারের মতো কোনো দলীয় কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী। সভার শুরুতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সাল থেকে প্রতিটি সংগ্রামের মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক একটি সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ। তিনি স্বীকার করেন যে, দেশের প্রত্যাশা সীমাহীন হলেও সম্পদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে দৃঢ়তার সঙ্গে তিনি উল্লেখ করেন, “আমরা যদি ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করি, তবে অবশ্যই কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

বর্তমান সরকারের বিভিন্ন জনমুখী কার্যক্রমের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, জনগণের জীবনমান উন্নয়নে সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণের মতো কর্মসূচি শুরু করেছে। তিনি বর্তমান সরকারকে জনগণের সরকার হিসেবে অভিহিত করে বলেন, মানুষের কর্মসংস্থান ও উন্নয়নের জন্য প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সভায় দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদগণ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

Leave a Reply