পুলিশ আর কোনো দলের লাঠিয়াল বাহিনী হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বর্তমান পুলিশ বাহিনী তাদের বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাহিনীটি যেন আগের ঐতিহ্যমণ্ডিত কোনো একটি পোশাক ফিরে পায়, সে বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বর্তমান ঐতিহাসিক রূপান্তরকালে পুলিশ কর্মকর্তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “আইনের চোখে সবাই সমান, হোক সে কোনো রাজনৈতিক কর্মী বা সাধারণ কৃষক। পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। আমাদের মূল লক্ষ্য পুলিশকে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করা।”

পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী আরও জানান, পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে দূরে রাখতে একটি স্বাধীন ও শক্তিশালী ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠনের কাজ চলছে। তিনি নবীন কর্মকর্তাদের সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন এবং আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

বক্তব্যের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের শহীদ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এই বিশেষ প্রশিক্ষণে মোট ৮০ জন কর্মকর্তা অংশ নিলেও শেষ পর্যন্ত ৭২ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের আইজিপি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *