বিগত ১৬-১৭ বছরে যুব প্রশিক্ষণের নামে বড় বড় দুর্নীতি হয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

গত ১৬-১৭ বছর ধরে যুব উন্নয়ন ও প্রশিক্ষণের নামে দেশে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। দীর্ঘ ১৩ দিনের বিরতি শেষে এদিন বিকেল ৩টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন পুনরায় শুরু হয়।

অধিবেশনে প্রতিমন্ত্রী বলেন, “বিগত ১৬-১৭ বছর যুব উন্নয়ন বা যুব প্রশিক্ষণের নামে অনেক বড় বড় দুর্নীতির অনেক কিছু ইতিমধ্যে আমার দৃষ্টিতে পরিলক্ষিত হয়েছে। সেগুলো বর্তমানে আমার পর্যবেক্ষণে রয়েছে।” তিনি স্পষ্ট করে জানান যে, বর্তমান সরকার দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে কীভাবে স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে কাজ করা যায়, তা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে।

আমিনুল হক আরও জানান, যারা বিগত সময়ে অবৈধভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধে সরকার দ্রুত কঠোর ব্যবস্থা নেবে। একইসঙ্গে যুবদের কর্মসংস্থান নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশে ব্যাপক হারে কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুবকদের প্রশিক্ষিত করে কীভাবে আরও কার্যকরভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তার জন্য বিশেষ রোডম্যাপ তৈরি করা হচ্ছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *