বাংলাদেশের কৃষিখাতের টেকসই উন্নয়ন এবং কৃষকদের জীবনমান পরিবর্তনে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। রোববার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল এই প্রস্তাব দেয়।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমের নেতৃত্বে প্রতিনিধিদলটি নবনিযুক্ত মন্ত্রীকে শুভেচ্ছা জানান। বৈঠকে কৃষিমন্ত্রী সরকারের নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণ এবং সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দিতে এই কার্ড কার্যকর ভূমিকা রাখবে। চলতি বছর দেশের বিভিন্ন জেলার নির্বাচিত ১১টি ব্লকে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করা হচ্ছে, যা সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।
বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বিশেষ করে কৃষি উপকরণ সরবরাহ ব্যবস্থা আধুনিকায়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ (Food Processing) এবং উৎপাদিত পণ্যের বাজার উন্নয়নে আর্থিক ও কারিগরি সহযোগিতার আশ্বাস দেন। মন্ত্রী বিশ্বব্যাংকের এই প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সরকার কৃষিকে লাভজনক ও টেকসই করতে বদ্ধপরিকর।
বৈঠকে কৃষি সচিব রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের টেকসই উন্নয়ন বিষয়ক আঞ্চলিক পরিচালক মিস দিনা উমালি-ডাইনিঙ্গার উপস্থিত ছিলেন। উভয় পক্ষই কৃষিখাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।



