চাঁদপুরের মতলবে অনুমোদনহীন ‘লেংটার মেলা’ শুরু: মাদকের স্বর্গরাজ্য ও সংঘর্ষের অভিযোগ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলি বদরপুরে পীর ও সাধক হজরত শাহ সুফি সোলায়মান (রহ.) ওরফে সোলেমান লেংটার বাৎসরিক ওরশ ও মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) থেকে স্থানীয়ভাবে মেলাটি শুরু হলেও এবার জেলা প্রশাসন থেকে এর কোনো আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি।

বিগত বছরগুলোতে মেলা ঘিরে মাদক, জুয়া, চাঁদাবাজি এবং অশ্লীলতার ব্যাপক অভিযোগ ওঠায় এবার প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। স্থানীয় বেশ কয়েকটি সংগঠন মেলা বন্ধের দাবিতে ইতোমধ্যে প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছে। এদিকে মেলাকে কেন্দ্র করে টাকার ভাগভাটোরা ও মাদকের বিরোধিতা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়া আহত হয়েছেন বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, মাজারকে কেন্দ্র করে প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে মেলার বিস্তার ঘটেছে। লেংটা ভক্তদের শত শত আস্তানায় শরীয়তি-মারফতি গানের নামে অশ্লীল নাচ ও মাদকের আসর বসছে। অভিযোগ রয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মাদকসেবীরা এখানে প্রকাশ্যেই গাঁজা ও আফিম কেনাবেচা করছে। স্থানীয় সচেতন মহলের দাবি, এই মেলার আড়ালে লাখ লাখ টাকার মাদকের ব্যবসা চলায় এলাকার কিশোর ও তরুণরা বিপথগামী হচ্ছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানান, মেলার আইনশৃঙ্খলা রক্ষায় পোশাকে ও সাদা পোশাকে অর্ধশত পুলিশ সদস্য কাজ করছে। মাদক বা জুয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, “সোলেমান লেংটার মেলা বিশাল আকৃতির হলেও জেলা প্রশাসন থেকে এখনও কোনো অনুমোদন দেওয়া হয়নি। অনুমোদন পেলে শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভূমিকা রাখা হবে।” উল্লেখ্য, ১৩২৫ বঙ্গাব্দের চৈত্র মাসে সোলেমান লেংটার মৃত্যুর পর থেকে প্রতি বছর ১৭ চৈত্র এই ওরশ ও মেলা আয়োজিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *